রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গৌরশহরপুর কালীমন্দির ঘোষের আমবাগান সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই বজলুর রহমান, এসআই রাজ্জাক, এসআই সাজ্জাদুল আমিন ও এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতের পরনে ছিল নীল টি-শার্ট ও কালো প্যান্ট।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটিকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।