কক্সবাজার, উখিয়া | ৬ আগস্ট ২০২৬: সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

এরই অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।