চাঁপাইনবাবগঞ্জ | ৬ আগস্ট ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সকালে ডিএনসির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, উপ-পরিদর্শক মো. মামুনুর রহমানসহ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী।
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।