সাতক্ষীরার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীরা রানী মুখার্জী।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, গণতন্ত্র, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম, এস. এম. আক্তারুজ্জামান, সালমা আক্তার, আজমিরা খাতুন, বিপ্লব কুমার ও শামীম রেজা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জাতীয় দিবসগুলোকে ঘিরে শিক্ষার্থীদের ইতিহাস-সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে।