ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর নবী, পৌর জামায়াতের আমীর আব্দুল মাতিন বিশ্বাস এবং রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম।
সংবর্ধিত জুলাই যোদ্ধাদের পক্ষে নিজেদের মতামত ও অনুভূতি তুলে ধরে বক্তব্য দেন সাব্বির, রাব্বী, জিম ও রেজাউল ইসলাম।
এদিকে, পৃথক কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে রাণীশংকৈল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘জুলাই চত্বরে’ গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সম্পাদক মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ জালাল জুয়েল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন, এনসিপি সভাপতি শাহজাহান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহিরুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশে ইনসাফ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান। তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশকে ঘিরে রাণীশংকৈল পৌর শহরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দিনব্যাপী আলোচনা ছিল।