সিলেট প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ মইনুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল মুহিত।
ঘোষিত ফলে সভাপতি পদে ডাব প্রতীকে ২০১ ভোট পেয়ে মো. দুলু আহমদ বিজয়ী হন। সহ-সভাপতি পদে বাসগাড়ি প্রতীকে ২০৯ ভোট পেয়ে মো. শাহজাহান আহমদ, সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে ১৯৫ ভোট পেয়ে মো. নানু মিয়া, সহ-সম্পাদক পদে দেয়ালঘড়ি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে মো. আমির হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীকে ১৬৭ ভোট পেয়ে মো. রাজু আহমদ নির্বাচিত হন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. সাজিদুর রহমান নির্বাচিত হন। সদস্য পদে ফুটবল প্রতীকে ১৮৬ ভোট পেয়ে মো. দুলাল আহমদ জয়লাভ করেন।
ভোটগ্রহণ চলাকালীন পুরো কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোট দিতে শ্রমিকদের উপচেপড়া ভিড় দেখা যায়। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
নির্বাচিত নেতারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই তাদের প্রধান অঙ্গীকার। এসময় উপস্থিত জেলা নেতৃবৃন্দ গোলাপগঞ্জের পরিবহন খাতকে আরও সুসংগঠিত ও শ্রমিকবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।