লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে রড, সিমেন্ট ও অন্যান্য ব্যবসা পরিচালনাকারীদের দ্রুততম সময়ের মধ্যে ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ০৩ আগস্ট ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন।
অভিযান চলাকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন রড, সিমেন্ট ও স্যানিটারি সামগ্রীর দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং উপজেলার বিভিন্ন সড়কে তদারকি করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় একাধিক মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বা প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা রোধে রড, সিমেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈধ ব্যবসা পরিচালনা নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনস্বার্থ, ভোক্তার অধিকার সংরক্ষণ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।