চাঁপাইনবাবগঞ্জ | ৩ আগস্ট ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দ্রাইল গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মো. আলতাব আলী (৫৩)-কে তার নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫টি পুরিয়ায় রাখা মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযানও অব্যাহত থাকবে।