কক্সবাজার, উখিয়া | ২ আগস্ট ২০২৬: কক্সবাজারের উখিয়া উপজেলার সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার। প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার (২ আগস্ট) দুপুরে তিনি স্বামীহারা দরিদ্র নারী রানু বালা মল্লিকের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন।

জানা যায়, কয়েক সপ্তাহ আগে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বহু পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রাজাপালং ইউনিয়নের বাসিন্দা রানু বালা মল্লিকের একমাত্র বসতঘরটিও ভেঙে পড়ে। স্বামীহারা এই নারীর মানবেতর জীবনযাপনের বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
সংবাদ প্রকাশের পর প্রথমে রাজাপালং ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি হেলাল উদ্দিন মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করে নিজস্ব তহবিল থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরবর্তীতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার সংবাদটি জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শনিবার দুপুর ১টার দিকে ইউএনও পান্না আকতার রানু বালা মল্লিকের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন। এ সময় উপজেলা প্রকৌশলী তহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী গিয়াসউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মী সিরাজুল কবির বুলবুল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে রানু বালা মল্লিক উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছিলাম। ইউএনও ম্যাডামের এই সহায়তা আমার নতুন করে বাঁচার আশা জুগিয়েছে।”
এদিকে, সহায়তা প্রদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউএনও পান্না আকতারের মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন উদ্যোগকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।