কুড়িগ্রাম | ২ আগস্ট ২০২৬: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের একটি বিল থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর (Burmese Python) উদ্ধার করেছে পুলিশ। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২ আগস্ট) উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে। বিষয়টি জানাজানি হলে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহযোগিতায় অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সাপটিকে রংপুর বিভাগীয় বন অফিসের মাধ্যমে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির প্রবল ঢল নেমেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের আসাম অঞ্চলের কোনো পার্বত্য বনাঞ্চল থেকে পানির স্রোতে ভেসে এসে অজগরটি বিলে আটকা পড়ে।

তিনি আরও বলেন, বন্য প্রাণী মানুষের শত্রু নয়। এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে বা আটকা পড়লে আতঙ্কিত হয়ে হত্যা না করে দ্রুত বন বিভাগ, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। বন্য প্রাণী সংরক্ষণ জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, বার্মিজ অজগর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অ-বিষধর সাপগুলোর অন্যতম। বাংলাদেশে এটি সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে বিবেচিত। বন বিভাগের তত্ত্বাবধানে উদ্ধার হওয়া প্রাণীগুলোকে সাধারণত সুস্থতা নিশ্চিত করে তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।