পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী বারুনীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫) এবং লস্করা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী বারুনীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচা শেষে ফেরার পথে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের শরীর তল্লাশি করে ৩৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।