বিশ্বনাথ, সিলেট | ১ আগস্ট ২০২৬
সিলেটের বিশ্বনাথে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের দোসরদের বিচারের দাবিতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
আব্দুল কাইয়ুম বলেন, “ভারতের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি। আর তাই তারা দেশবাসীর উন্নয়নের চেয়ে ক্ষমতা দখলের পর থেকে দখলবাজি-চাঁদাবাজি আর ধর্ষণ করা নিয়ে ব্যস্ত রয়েছেন।” তবে তার এসব বক্তব্যের পক্ষে তিনি সভায় কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করেই বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার পথেই হাঁটছে। তার দাবি, শেখ হাসিনা যতটা শক্তিশালী ছিলেন, বিএনপি ততটা শক্তিশালী নয়। এ সময় তিনি ছাত্র-জনতার আন্দোলনের শক্তির কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের দোসরদের বিচারের দাবিতে এবং জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে এ গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী এর আগেও দেশব্যাপী কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির শুরুতে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের করা হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে পথসভায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুর রহমান যৌথভাবে সঞ্চালনা করেন।
পথসভায় আরও বক্তব্য দেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখরুল ইসলাম এবং বিশ্বনাথ পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি হোসাইন শাহ।
বক্তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান।
এ সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচিতে সরকারের নীতির সমালোচনা করে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দলটির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কর্মসূচিতে দিয়েছেন।