চাঁপাইনবাবগঞ্জ | ১ আগস্ট ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত জুলাই মাসজুড়ে ৫৩ বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৮৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ (একজন আসামিসহ), ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ। এসব জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।