নড়াইল | ১ আগস্ট ২০২৬: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দলজিৎপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে হোসেনপুর এক্সপ্রেস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। খেলায় দুই দলের ফুটবলাররা শুরু থেকেই আক্রমণাত্মক ও শৈল্পিক ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ে একমাত্র গোলের সুবাদে হোসেনপুর এক্সপ্রেস শিরোপা নিশ্চিত করে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মো. নূরতাজুল ইসলাম সৈকত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি হাফেজ রোমান শেখ। বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই।
তরুণদের মোবাইল গেম ও বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে হলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ এবং নড়াইল সদর উত্তর থানা ছাত্রশিবিরের সভাপতি এইচ. এম. আবু তাহের।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ফাইনাল ম্যাচ উপভোগ করতে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।