মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি বোমা মেশিন ও প্রায় এক হাজার ফুট পানির পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিসারকুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন, পাঁচটি বোমা মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পানির পাইপ জব্দ করা হয়। জব্দ করা মালামাল জব্দ তালিকামূলে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পানির পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা বালু ও অন্যান্য সরঞ্জাম প্রচলিত বিধি অনুযায়ী নিলাম অথবা প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া ও এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে।