রংপুর | ৩০ জুলাই ২০২৬: রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিচালিত এ অভিযানে মহানগরীর আমেরতল-মুলাটোল এলাকায় অবস্থিত রংপুর লাইভ বেকারি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্ক (CM) লাইসেন্স রয়েছে বলে দাবি করে। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য সঠিক নয় এবং তারা লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করেছে।

এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সহকারী কমিশনার (এসি)নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) তাদমিরা শারমিন।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং বাজারে প্রতারণা রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও ভোক্তাস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পণ্যের মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স গ্রহণ ও বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করারও আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।