কক্সবাজার, উখিয়া | ৩০ জুলাই ২০২৬: “প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইপসা (IPSA) ও আইওএম (IOM)-এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অবৈধ পথে বিদেশ গমনের প্রলোভন থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং মানব পাচারকারী দালালদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মানব পাচারের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সভায় মানব পাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসনের গুরুত্ব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ইপসা ও আইওএম-এর কর্মকর্তারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আকতার। এছাড়া বক্তব্য রাখেন উখিয়া সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী সিরাজুল কবির বুলবুল, হাতীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য রহিম সিকদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতি বছর ৩০ জুলাই জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য মানব পাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের অধিকার সুরক্ষা এবং মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করা।