নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. এনামুল হক (৪৫) বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এনামুল হক দীর্ঘদিন ধরে দ্বীপগঞ্জ বাজারে একটি দোকান ও গুদাম ভাড়া নিয়ে ইলেকট্রিক পণ্য, কসমেটিকস, মোবাইল ফোন ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবসা করে আসছেন। তিনি দাবি করেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোকান মালিক পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় দোকানের আসবাবপত্র ও বিভিন্ন পণ্য ভাঙচুর করা হয় এবং মালামাল বাইরে ফেলে দেওয়া হয়।
ব্যবসায়ী এনামুল হকের অভিযোগ, হামলায় তার দোকানের প্রায় ১২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সময় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় মো. হিরন হোসেন (৪২), মো. কিরন (৩৮), মোছা. রিক্তা বানু (৪৫), মোছা. মুক্তা বেগম (৪৮), মোছা. বেগম (৬৫) এবং মোছা. অঞ্জনা বেগম (৩৩)-সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা সবাই বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের বাসিন্দা।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগের পর রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।