চট্টগ্রাম | ২৭ জুলাই ২০২৬: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আরবি শিক্ষাপ্রতিষ্ঠান আলজামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী উপজেলার দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

গত শুক্রবার (২৪ জুলাই) মাদ্রাসার উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী, রাসুলবাদ, ডেঙ্গাকাটা, পাহাড়চাঁদ, পাহাড়তলী ও মচনিয়াকাটা এবং পেকুয়া উপজেলার টইটং, পেকুয়া পৌরসভা, দক্ষিণ মেহেরনামা ও বাঘগুজরা এলাকায় প্রায় ৫০০ বন্যাকবলিত মুসলিম ও অমুসলিম পরিবারের হাতে চাল, ডাল, আলুসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়াও কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকায়ও হাজারো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আলজামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী হাফিযাহুল্লাহ-এর নেতৃত্বে আয়োজিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, নায়েবে তালিমাত মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা আনিসুল হক, মাওলানা শহীদুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা, খাদেম ও স্বেচ্ছাসেবকরা।

এ সময় চকরিয়ার পাহাড়তলী তালীমুল কুরআন মাদ্রাসা এবং পেকুয়ার আশরাফুল উলূম মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন।
বন্যাদুর্গত মানুষের পাশে আলজামিয়া আল ইসলামিয়া পটিয়ার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, দুর্যোগকালীন সময়ে মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।