রংপুর | ২৭ জুলাই ২০২৬: রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলার মানুষকে সচেতন, ঐক্যবদ্ধ ও উৎপাদনমুখী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “রংপুরের মানুষ জেগে ওঠেন, না হলে কিন্তু উন্নয়ন হবে না।”
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল মৎস্য আড়ত এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন এবং পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রংপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ঠিকাদারিনির্ভর অর্থনীতি নয়, উৎপাদনমুখী বিনিয়োগই টেকসই উন্নয়নের পথ। বর্তমানে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পল্লী উন্নয়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, গ্রামীণ উন্নয়ন কেবল সড়ক, সেতু কিংবা বিদ্যুতের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষকের আয় বৃদ্ধি ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি শিক্ষিত বেকার তরুণদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, শুধু উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই হবে না, দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কুমিল্লা ও সিলেট অঞ্চলের মানুষের অংশগ্রহণ তুলনামূলক বেশি হলেও রংপুর অঞ্চলের মানুষের উপস্থিতি এখনও কম। এ কারণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ২০২২ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন কার্যক্রম শুরু হয়নি। সম্প্রতি পরিচালক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল নিয়োগ, কৃষকদের প্রশিক্ষণ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে তিনি পল্লী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।