উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে বগুড়ায় অনুষ্ঠিত একটি সেমিনারে। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা আয়োজিত ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। বিদ্যমান বৈষম্য দূর করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। তিনি দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং সারা দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিস্তারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে তাঁর দাবি। একই সঙ্গে তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উত্তরাঞ্চলের পাঁচটি জেলা দীর্ঘ প্রায় দুই দশক অবহেলার শিকার ছিল। বর্তমান সরকার পরিকল্পিতভাবে এসব জেলার উন্নয়নে কাজ করছে এবং পর্যায়ক্রমে সব উন্নয়ন চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়নের নীতি বাস্তবায়নে কাজ করছে।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংসদ সদস্য, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, টিএমএসএসের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রোটা. ডা. মতিউর রহমান এবং সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান।
আলোচনায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং মানবসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।