সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের ফতেহ আলী মোড়ে অবস্থিত জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আ হ ম আলাউদ্দীন বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামের আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে তিনি সংগঠনের মাসব্যাপী ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এইচ এম আশরাফুদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আতিকুর রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল যুবসমাজ গঠনের মাধ্যমে বৈষম্যহীন, কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দেশের সর্বস্তরের যুবসমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।