মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর গ্রামে সংঘটিত এক দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা জামিল বিশ্বাসের বাড়িতে বারান্দার জানালার গিরিল ভেঙে চোরের দল ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী জামিল বিশ্বাস জানান, “আমি পরিবারসহ বাইরে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে ফিরে দেখি বারান্দার জানালা ভাঙা, আসবাবপত্র উল্টোপাল্টা, আলমারি ভাঙা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ এক ভরি দশ আনা স্বর্ণ, নগদ এক লক্ষ টাকা ও দলিলপত্র চুরি হয়েছে।”
চুরির এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জামিল বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান। তিনি জানান, “অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দা রেদওয়ান বিশ্বাস বলেন, “এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা সবাই আতঙ্কে আছি।”
চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।