চট্টগ্রামের পটিয়া উপজেলায় অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শফিক উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আসিফ (২৫) গ্রেপ্তার হন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির হোসেন জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট ভুক্তভোগীর বাবা নুর মোহাম্মদ চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত মামলার তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে প্রদান করেন।
তিনি আরও জানান, তদন্ত শেষে পিবিআই ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত আসামি মো. আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।