জয়পুরহাট | ২৩ জুলাই ২০২৬: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২টি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে স্থানীয় উন্নয়ন সংস্থা বন্ধন-এর বাস্তবায়নে উপজেলার মাতাইশ মঞ্জিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আয়বর্ধক কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি তারিকুল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রামানিক, বন্ধনের নির্বাহী পরিচালক আব্দুল হাফিজ সরদার, কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র পরিবারের জন্য ছাগল পালন একটি লাভজনক ও টেকসই আয়বর্ধক উদ্যোগ। এ ধরনের সহায়তা পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাগল পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও বাস্তবায়নকারী সংস্থা বন্ধনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ছাগল পালন করে আয় বৃদ্ধি ও পরিবারের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদী।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।