নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্র সংসদে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের মূল রহস্য মহান আল্লাহ তায়ালার ইচ্ছা ও শিক্ষার্থীদের আস্থা।”
তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে। শিক্ষার্থীদের বিশ্বাস ও সমর্থনই শিবিরের সাফল্যের মূল ভিত্তি।
জাহিদুল ইসলাম আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়ে আসছি। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাস ও আস্থার প্রতিফলনই হবে প্রকৃত বিজয়। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও ছাত্র রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে ঝালকাঠি জেলা শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক অফিস সম্পাদক ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, এবং সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন জেলা সভাপতি এনামুল হাসান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।