ভোলার মনপুরা উপজেলার কাজিরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপন (৫০) আটক হয়েছেন।

বুধবার (২২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথভাবে গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক স্বপন ভোলার মনপুরা থানার হাজিরহাট এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনীর’ নেতৃত্ব দিয়ে নদী ও উপকূলীয় এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নৌপথকে নিরাপদ রাখতে এবং সন্ত্রাস ও ডাকাতি দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।