বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে “অনলাইন প্রতারণার ফাঁদে বন্দি” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনলাইনভিত্তিক মানব পাচার, সাইবার প্রতারণা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সম্ভাব্য অভিবাসী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মোট ১৬০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ২৪ জন নারী। এছাড়া বিদেশে কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছেন এমন PDO ক্লাসের ১১৭ জন শিক্ষার্থী অংশ নেন। উপস্থিত ছিলেন কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (CTN)-এর সদস্য, CTIP অ্যাক্টিভিস্ট, লিডার সারভাইভার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বারসিক, জিডিসি পালস, মানব কন্যা এবং মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী নূর অতএব আহম্মদ, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মানিকগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মো. আওলাদ হোসেন, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), মানিকগঞ্জ।
অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অনলাইন প্রতারণা ও সাইবার ট্রাফিকিং বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর “অনলাইন প্রতারণার ফাঁদে বন্দি: দিবসের তাৎপর্যের আলোকে মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও করণীয়” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা অনলাইনভিত্তিক মানব পাচারের নতুন কৌশল, ভুয়া বিদেশি চাকরির প্রলোভন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত প্রতারণা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে মানব পাচারবিষয়ক পুঁথি পাঠ, লিডার সারভাইভারের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, কুইজ প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানব পাচারের ধরনও পরিবর্তিত হয়েছে। তাই বিদেশে যাওয়ার আগে চাকরির অফার, নিয়োগকারী প্রতিষ্ঠান, ভিসা এবং অন্যান্য নথিপত্র সরকারি উৎস থেকে যাচাই করে বৈধ প্রক্রিয়ায় বিদেশগমনের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, মানব পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সম্ভাব্য অভিবাসী ও তরুণদের অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করতে ধারাবাহিক প্রচার ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (CTN), মানিকগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU) এবং ঢাকা আহ্ছানিয়া মিশন (DAM) এটি বাস্তবায়ন করে।
এই আয়োজন “আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্প”-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং Winrock International-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।