ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,০৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি-এর নেতৃত্বে বুধবার (২২ জুলাই) কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন মো. আশিক সারোয়ার (৪০)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোহালাকান্দা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২,০৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।