অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে টুঙ্গিপাড়া পৌরসভা। দীর্ঘদিন ধরে পানি জমে থাকা গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাটগাতি বাজারসহ আশপাশের এলাকায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বসতঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে।
ত্রাণ বিতরণ শেষে ইউএনও জহিরুল আলম পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচলে সমস্যা এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে দেখেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি হলেই এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।