মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) ১০ শিক্ষার্থীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে খবর পেয়ে সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ জুলাই) সকালে ঢাকার একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। দলটির সদস্যরা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। জলপ্রপাতের দুর্গম পাহাড়ি পথে চলার সময় একজন শিক্ষার্থী পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বিকেল প্রায় ৩টার দিকে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থীরা সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া সব সংস্থার সহযোগিতায় পর্যটকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় প্রশাসন পর্যটকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, বর্ষাকালে হামহামসহ পাহাড়ি পর্যটন এলাকায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে।