চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের উদ্ধার হওয়া ইয়াবাসহ পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (২০ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটের দিকে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকার আব্দুল বারেক রোডের নুর ভবনের সামনে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়তলী থানা যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় যুবদল নেতাকর্মী ও এলাকার যুবসমাজ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবাসহ পাহাড়তলী থানায় নিয়ে যাওয়া হয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান শেষে আনোয়ার হোসেন বলেন, “যতদিন পর্যন্ত পাহাড়তলী এলাকায় মাদক ব্যবসা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলের নেতৃত্বে মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সুনির্দিষ্ট পরিমাণ এবং আটক ব্যক্তিদের পরিচয় তদন্ত শেষে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকবিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, যুবসমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।