মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক বন্যায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়া এই পরিবারের সদস্যদের জন্য এবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাধীনদের হাতে নতুন পোশাকও তুলে দিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার (১৮ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিএনএসবি চক্ষু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন। এ সময় রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীসহ পরিবারের মোট ১৪ জন সদস্যের জন্য বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং রোগীদের হাতে নতুন পোশাক তুলে দেন। তিনি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, সম্প্রতি মৌলভীবাজারে ভয়াবহ বন্যার সময় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কড়াইয়া হাওরসংলগ্ন দক্ষিণ ইসলামপুর গ্রামের একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী দীর্ঘ সময় পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করেন। চারদিকে বন্যার পানি থাকায় তারা বাইরের জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন। জীবিকার কোনো স্থায়ী উৎস না থাকায় তারা সম্পূর্ণভাবে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।

পরিবারটির করুণ অবস্থার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষ ও পাঁচটি অন্ধ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। সেই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার চিকিৎসাসেবা ও নতুন পোশাক প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই পরিবারের সদস্যদের চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।