নোয়াখালী | ১৮ জুলাই ২০২৬: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন সুমন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।