ঈদগাঁও, কক্সবাজার | ১৮ জুলাই ২০২৬: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও হাইজিন কিট এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের যৌথ উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

অনুষ্ঠানে সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও হাইজিন কিট তুলে দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ড এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে সরকারি বরাদ্দের ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।
উপস্থিত উপকারভোগীরা সময়োপযোগী এ সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ মোকাবিলায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।