কটিয়াদী, কিশোরগঞ্জ | ১৮ জুলাই ২০২৬:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ কথিত শীর্ষ মাদক কারবারি মো. শামীম মিয়া (৩৫) ও তার সহযোগী মো. আরমান মিয়া (২০)-কে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের স্বনির্ভর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে চরঝাকালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনের ছেলে মো. শামীম মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আরমান মিয়াকেও আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে।
কটিয়াদী মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রযোজ্য অন্যান্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কটিয়াদী উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।