রামগঞ্জ, লক্ষ্মীপুর | ১৭ জুলাই ২০২৬: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের আব্বাস আলী হাজী বাড়ি থেকে আমেনা আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমেনা আক্তার কাতারপ্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী। শুক্রবার ভোররাতে পারিবারিক কলহের জেরে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্য ও এলাকাবাসীর ধারণা। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
শুক্রবার সকাল প্রায় ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রামগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। বিষয়টির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।