নোয়াখালী | ১৬ জুলাই ২০২৬ : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা, একটি জিপ গাড়ি এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে একটি জিপ গাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাড়ির দরজার ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে বিপ্লব ও পারভেজ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৮০ হাজার ৩৬০ পিস। গ্রেপ্তার হওয়া পারভেজের বিরুদ্ধে এর আগে মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান হোসেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক পাচার ও কারবার দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।