কুমিল্লা | ১৫ জুলাই ২০২৬ : কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. অন্তর (২৫) ও মো. বাধন (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের ছেলে। অপরদিকে মো. বাধন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১১ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
র‍্যাব জানায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।