সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধরঞ্জয় চ্যাটার্জী, দিলীপ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, শোভাযাত্রার নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং উৎসব চলাকালে সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উপস্থিত নেতৃবৃন্দের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সেসবের ভিত্তিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।

সভায় বক্তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আয়োজকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রথযাত্রা উৎসব নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় উৎসব সফল করার আহ্বান জানান।

জেলা পুলিশ জানিয়েছে, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়।