গোপালগঞ্জ | ১৪ জুলাই ২০২৬: গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় জন্মদাতা পিতাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজী (২৫)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলীম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলীম কাজী মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় মাদক সেবন করে বাড়িতে এসে তিনি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তার বাবা ইসমাইল কাজী বাধা দিলে আলীম ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

পরদিন ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির জন্য আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম একটি ধারালো বটি নিয়ে এসে অতর্কিতভাবে তার বাবার গলায় কোপ দেন। এতে তার শ্বাসনালী কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার বিচারিক কার্যক্রম চলাকালে সাক্ষ্য-প্রমাণ, জব্দকৃত আলামত এবং তদন্ত কর্মকর্তার উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আদালত আলীম কাজীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা জানান, পারিবারিক সহিংসতা ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।