কুমিল্লা | ১৪ জুলাই ২০২৬: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ডাবল কেবিন পিকআপভ্যান থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে মো. নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক নুরুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গিরাখালী ডাকঘর এলাকার হাজীখালী বাজারের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-১১-৮৮৮২ নম্বরের একটি ডাবল কেবিন পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে নুরুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জব্দকৃত আলামত আদালতে পাঠানোর পাশাপাশি মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, মাদক পাচার ও কারবার দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।