গোপালগঞ্জ প্রতিনিধি | ১৩ জুলাই ২০২৬ : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় গাড়িবহর থামিয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে ডেকে নেন।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল অভিমুখে যাত্রাকালে তারেক রহমানের বহর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মীদের দেখে তিনি গাড়ি থামান। পরে তিনি সেখান থেকে সেলিমুজ্জামান মোল্লাকে নিজের গাড়িতে উঠতে বলেন।

এরপর সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা দ্রুত প্রধানমন্ত্রীর বহনকারী বাসে গিয়ে ওঠেন। বাসের ভেতরে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংক্ষিপ্ত আলাপ শেষে তিনি বাস থেকে নেমে আসেন।
এ সময় সেলিমুজ্জামান মোল্লা বরইতলা এলাকায় শত শত বিএনপি নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে বরইতলা এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।