মৌলভীবাজার | ১২ জুলাই ২০২৬: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানে সরকারি লিজকৃত (খাস) টিলা ভূমি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ গাছ কাটার অভিযোগে বাগানের ম্যানেজারসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বড়লেখা থানায় মামলাটি করেন উপজেলার ভুকশিমইল (ভূগা) ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশীলদার) পংকজ তালুকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানের ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরীর নেতৃত্বে গত প্রায় তিন মাস ধরে বাগানের ভেতরের বিপিন টিলা, বৈকুণ্ঠ টিলা, আনডহর এবং আশপাশের সরকারি লিজকৃত টিলা ভূমি থেকে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ অবৈধভাবে কেটে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার নেতৃত্বে ভূমি প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে কেটে স্তূপ করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫১ টুকরা কাঠ জব্দ করা হয়। এসব কাঠের পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ ঘনফুট এবং যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, যথাযথ সরকারি অনুমতি ছাড়া গাছ কাটার ফলে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে।
বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমোদন ছাড়া গাছ কাটার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত বাগান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে সংযুক্ত করা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি খাস ভূমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে গাছ কাটা এবং বনজ সম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।