ব্রাহ্মণবাড়িয়া | ১১ জুলাই ২০২৬ : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতদের লুণ্ঠিত ৩১টি গরুবোঝাই একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং জিম্মি করে নিয়ে যাওয়া ট্রাকের হেলপারকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদ পান যে, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীগামী একটি গরুবোঝাই ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলীঘাট এলাকায় ডাকাত দলের কবলে পড়ে।

ডাকাতরা ট্রাকের চালক ও গরুর মালিককে হাত-পা বেঁধে ঘটনাস্থলে ফেলে রেখে ট্রাকটি ছিনিয়ে নেয়। একই সঙ্গে ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লব (৫৫)-কে জিম্মি করে সঙ্গে নিয়ে যায়।
সংবাদ পাওয়ার পরপরই বিজয়নগর থানার ওসি বেতার বার্তার মাধ্যমে আশপাশের থানাগুলোকে সতর্ক করেন। সরাইল থানা পুলিশ দ্রুত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে পুলিশ বাসটি থামিয়ে তাদের কাছ থেকেও ছিনতাইকৃত ট্রাকটির অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।

পরবর্তীতে পুলিশ গরুবোঝাই ট্রাকটি শনাক্ত করে থামানোর সংকেত দিলে ট্রাকটির চালক দ্রুতগতিতে কুট্টাপাড়া হয়ে নাসিরনগর সড়কের দিকে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে সরাইল উপজেলার ধরন্তী ব্রিজের দক্ষিণ পাশে ট্রাকটির গতিরোধ করতে সক্ষম হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গরুবোঝাই ট্রাক এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন টাটা সিঙ্গেল কেবিন মিনি পিকআপ ফেলে পাশের হাওর এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ট-২৪-২৯৭৯ নম্বরের গরুবোঝাই ট্রাক, ৩১টি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত মিনি পিকআপ এবং ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় জিম্মি থাকা ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লবকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজয়নগর ও সরাইল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।