গোপালগঞ্জ | ১১ জুলাই ২০২৬ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর দৈনিক আমার দেশ-এর সাংবাদিক, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান চান মিয়া সিকদার।
বক্তারা বলেন, সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।
তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত না করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৬ জুলাই আমার দেশ অনলাইন-এ ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত ১ হাজার ২৬৫ মিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গাভিত্তিক জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করে এবং বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
তবে মামলার বাদী ইয়াসিন হোসেন বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।