চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক তিনটি অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে ৯ জুলাই ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযান:
দুপুর ২টা ১৫ মিনিটে পালাখাল ইউনিয়নের ভুইয়ারা এলাকার রশিদের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মো. লিটন (৩৫), পিতা: মো. দুলাল, গ্রাম: বাছাইয়া এবং সুফিয়ান (২৬), পিতা: মো. মোছলেম, গ্রাম: বাছাইয়া, উপজেলা: কচুয়া।
তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-২০, তারিখ: ০৯/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।
দ্বিতীয় অভিযান:
একই দিন রাত ১০টায় ১নং সাচার ইউনিয়নের হাতিরবন্দ ঈদগাহের সামনে অভিযান চালিয়ে মো. ইমনকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (এফআইআর নং-২১, তারিখ: ১০/০৭/২০২৬) রুজু করা হয়েছে।
তৃতীয় অভিযান:
রাত ১১টায় ১নং সাচার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পোদ্দার বাড়ির গেইটের সামনে অভিযান চালিয়ে মো. রাজিব (৩৫), পিতা: মৃত খোরশেদ আলম, গ্রাম: সাচারকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, আটক চার আসামিকে ১০ জুলাই ২০২৬ তারিখে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়েকচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে কচুয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”