দিনাজপুর | ৯ জুলাই ২০২৬ : দিনাজপুরের কাহারোল উপজেলায় দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি সরকারি অর্পিত পুকুর উদ্ধার করে সরকারের দখলে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বাইশপুর মৌজায় পরিচালিত এ অভিযানে প্রশাসনের নেতৃত্ব দেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সরকারি অর্পিত পুকুরটির তফসিল অনুযায়ী দাগ নম্বর ৬৪১ এবং মোট আয়তন ০.৫৯ একর। সরকারি সম্পত্তি রক্ষার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ এবং কাহারোল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সরকারি সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পন্ন হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাস জমি, পুকুর ও অন্যান্য সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সম্পদ সংরক্ষণে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।