ঠাকুরগাঁও | ৯ জুলাই ২০২৬: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে নতুন প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান বক্তারা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।