মানিকগঞ্জ, ৯ জুলাই ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মো. ইমরান হোসেন। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান, অভিভাবক সদস্য মো. মোবারক, সাবেক অভিভাবক সদস্য কাজী মো. শফিকুল ইসলাম, সাবেক সদস্য লিটন বিশ্বাস, সাবেক সদস্য মো. পান্নু মোল্লা এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ওসমান মিয়া প্রমুখ।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মো. ইমরান হোসেন বলেন, “বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামোর আধুনিকায়ন এবং বিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব।”
সভা শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।